বরিশালে ছাত্রলীগ-যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
এর আগে গতকাল রোববার রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যুবলীগের সদস্য লিটন মিত্র, বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম এবং নগরীর ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল। এ ছাড়া অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মিছিলের নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাকের সহযোগী আব্দুল মান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামও মামলার এজাহারে উল্লেখ রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে রোববার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে মিছিলকারীরা মোটরসাইকেলে ও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
