logo

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী
গুলিতে আহত নারী অরুণা চাকমা। ছবি: এশিয়া পোস্ট

খাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটে।

আহত নারীকে প্রথমে সেনাবাহিনীর দীঘিনালা জোনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ও ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মধ্যরাতে প্রতিবেশীরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় খাগড়াছড়ি দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ওই এলাকার স্থানীয় অধিবাসীদের সঙ্গে আমি কথা বলেছি। তারা নিশ্চিত করেন ঘটনাটি রাঙ্গামাটির সাজেক থানার আওতাধীন। তবে এই বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি ঘটনাটি দীঘিনালা থানার অন্তর্গত বলে দাবি করেন।