প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনী সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. সেলিম মাঝি (৪৮) নামে এক স্থানীয় বিএনপি নেতা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে একটি আনন্দ মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন সেলিম মাঝি। অনুষ্ঠান চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টার পর সেলিম মাঝিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে এই নেতার আকস্মিক মৃত্যুতে সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে এবং মুহূর্তেই পুরো আয়োজন বিষাদে পরিণত হয়।


