logo

কৃষকের সামনেই পুড়ে গেল ১০০ বিঘার গম

কৃষকের সামনেই পুড়ে গেল ১০০ বিঘার গম

মুহূর্তের অসতর্কতায় শেষ মৌসুমের স্বপ্ন পুড়ে ছাই হলো মেহেরপুরের গাংনীর কৃষকদের। উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত। কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের জমিগুলোতে থাকা পাকা গমে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বাতাস আগুনকে আরও ভয়াবহ করে তোলে। চোখের সামনে একের পর এক জমি আগুনে পুড়তে থাকে, অথচ কিছুই করার ছিল না।

প্রথমদিকে স্থানীয় কৃষকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ মাঠ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক লালন বলেন, আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তুলতাম। সব শেষ হয়ে গেল। এই গম বিক্রির টাকায় পরের মৌসুমের চাষের পরিকল্পনা ছিল। এখন কীভাবে ঘুরে দাঁড়াব, বুঝতে পারছি না।

একই হতাশা প্রকাশ করেন কৃষক আব্দুল কাদের। তিনি বলেন, জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটার কাজ পিছিয়ে যাচ্ছিল। দু-একদিন দেরি না হলে গম কেটে ফেলতে পারতাম। আজ সব আগুনে পুড়ে ছাই।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে তিনি কৃষকদের খোলা মাঠে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।