ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, থেমে গেল কলেজছাত্রীর জীবন

ফরিদপুরে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোতোয়ালি থানাধীন মেরিন ইনস্টিটিউটের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ (২২) ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ (২৮) বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ মোটরসাইকেলযোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেড়িবাঁধ দিয়ে শহরের দিকে আসছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক এবং সঙ্গে থাকা কলেজছাত্রী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপাসনাকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।