Advertisement

শিঙাড়া-সমুচার লোভ দেখিয়ে স্কুলছাত্রদের দিয়ে মিছিল করান যুবলীগ নেতা

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
শিঙাড়া-সমুচার লোভ দেখিয়ে স্কুলছাত্রদের দিয়ে মিছিল করান যুবলীগ নেতা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এই মিছিল করান যুবলীগ নেতা সাদ্দাম মুন্সি। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে শিঙাড়া ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অভিযোগটির সত্যতার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এই মিছিল করানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সাদ্দাম মুন্সি ওরফে সোহেল রানা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে শিঙাড়া-সমুচা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান। পরে তাদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দেওয়ান।

অভিযোগ রয়েছে, পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা বলেন, সকালে বিদ্যালয়ের কার্যক্রম শুরুর আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি শিক্ষার্থীদের শিঙাড়া ও সমুচা খাওয়ানোর কথা বলে মাজারগেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ানো হয়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের দপ্তরিকে পাঠিয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া কোমলমতি শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :