Advertisement

‘তৌহিদী জনতা’র বাধায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ প্রদর্শন বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, যশোর
‘তৌহিদী জনতা’র বাধায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ প্রদর্শন বন্ধ
যশোরের টাউন হল মাঠে বিশ্বকাপ ফাইনলা ম্যাচ প্রদর্শনের বাধা দেয় ‘তৌহিদী জনতা’। ছবি: এশিয়া পোস্ট

যশোর ঈদগাহ ময়দানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখা ভেস্তে গেছে। যশোর ঈদগাহ মাঠে বড় স্ক্রিনে ও বড় সাউন্ড বক্সের মাধ্যমে হৈ হুল্লোড় করে খেলা দেখা হচ্ছে না।

রোববার (১৯ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল ম্যাচ শুরুর আগেই সকল আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। আর ওই বহু কাঙ্ক্ষিত আয়োজন বন্ধের নেপথ্যে যশোরের ‘তৌহিদী জনতা’র বাধা ও মানববন্ধন বলে সূত্রের দাবি।

যদিও পুলিশ প্রশাসন বলছে, শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় ঈদগাহ মাঠে ওই খেলা দেখানো বন্ধ করা হয়েছে। এদিকে এ ঘটনায় যশোরের ক্রীড়াপ্রেমী যুবক ও তরুণেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তথ্য মিলেছে, মাসজুড়ে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা যশোরে বড় পর্দায় প্রদর্শিত হয়ে আসছিল টাউন হল মাঠে। প্রতি রাতেই যশোরের কয়েক হাজার ত্রীড়াপ্রেমী এই খেলা উপভোগ করে আসছিলেন।

এর মধ্যে টাউন হল মাঠে বৃক্ষমেলা শুরু হওয়ায় রোববার আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচটি ঈদগাহ মাঠে বড় পর্দায় দেখানোর সকল আয়োজন সম্পন্ন হয়। আর খেলা শুরুর আগেই রাত ৯টার দিকে ‘সচেতন দ্বীনদার নাগরিকবৃন্দ তৌহিদী জনতা’র ব্যানারে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ মুসল্লিদের ধর্মীয় ইবাদতের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। এমন একটি স্থানে বিশ্বকাপ ফুটবলের মতো বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন ঈদগাহ মাঠের মর্যাদা ও পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তারা বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনের উদ্যোগের প্রতিবাদ ও নিন্দা জানান।

তারা আরও বলেন, একজন সচেতন মুসলিম হিসেবে ঈদগাহ মাঠের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করা তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধনে উপস্থিত ইয়াসিন আরাফাত, এজাজসহ অন্যরা খেলা প্রদর্শন বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে, এই প্রতিবাদ ও মানববন্ধনের পর পুলিশ প্রশাসন গিয়ে বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনের আয়োজনটি স্থগিত করে।

এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি, জেলা প্রশাসন ও মানববন্ধনকারীদের সঙ্গে কথা হয়। একপর্যায়ে জেলা প্রশাসনের নির্দেশনায় ঈদগাহ মাঠের খেলা প্রদর্শনের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খেলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে পুলিশ সতর্ক নজর রাখছে।

বিষয় :যশোর