logo

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, পুড়ল ছাত্রদলের ১১ মোটরসাইকেল

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, পুড়ল ছাত্রদলের ১১ মোটরসাইকেল

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বালুঘাট নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদলের অনুসারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরের ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী ঘাট বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরটি চরআলগী মৌজার বাসিন্দাদের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। এ নিয়ে আগে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা চরআলগী মৌজায় সাত্তার, বাবুল ও সাদেক নামে কয়েকজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় জমির মালিকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় প্রতিপক্ষ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনে সড়কে ফেলে রাখা ১১টি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, ছাত্রদল নেতা মুক্তার হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে ঘাট দখল করতে আসেন তার অনুসারীরা। এ সময় এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করে নৌকায় আগুন দেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দেয়। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়।

জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক জানান, বালুঘাট নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কার সঙ্গে এ ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে তা তিনি স্বীকার করেননি।

এ বিষয়ে জানতে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, চরআলগী এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারি কলেজ বালু ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।