প্রতিবন্ধীদের জন্য বড় সুখবর দিল স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৮ বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুম আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
সাখাওয়াত হোসেন বকুল, জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে। যাদের পরিবারে প্রতিবন্ধী আছে আপনারা সকলের নাম জমা দিয়ে দেবেন। নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন।
তিনি আরও বলেন, তিনটা জিনিস আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে সুখী মনে সন্তানদের লালনপালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে আপনারা পাবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে ৩০ হাজার টাকা জমা নেবেন। জামাইয়ের কাছে আপনাদের ঘুরতে হবে না বলেছিলাম। জামাইরা ঘুরে হাত পাতবে, টাকা দাও, টাকা দাও। এটা বাস্তবায়িত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশে নতুন ওষুধ এসেছে, লেবার পেইনকে বিলম্বিত করে নরমাল ডেলিভারি করার জন্য। সেই কারণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের চিকিৎসা সেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। সকল নাগরিকদের জন্য আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
পরে চাঁদপুর থেকে অনলাইনে দেশে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নরসিংদী থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
বেলাবো উপজেলার হলরুম আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।
.png)

