জেনে নিন খুলনা বিভাগে ঈদের বড় জামাতের সূচি

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
জেনে নিন খুলনা বিভাগে ঈদের বড় জামাতের সূচি
পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে্য খুলনা বিভাগের ১০ জেলায় বড়-ছোট মিলিয়ে কয়েক হাজার জামাত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বড় জামাত হবে খুলনা সার্কিট হাউজ ময়দান, যশোর কেন্দ্রীয় ঈদগাহ, মাগুরা শহরে নোমানী ময়দান, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ, সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ, কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ এবয় মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে।

খুলনা

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাতটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাতটায় প্রথম জামাত, আটটায় দ্বিতীয় এবং নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে হবে।

এ ছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত হবে। মহিলাদের জন্য পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত হবে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসল্লিদের অজুর জন্য পানির ব্যবস্থা রাখা হবে। বাস, লঞ্চ, স্টিমারে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে এবং বেপরোয়াভাবে যান চলাচল করতে না পারে সেজন্য জন্য আইনশৃংঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবেন। শান্তিশৃঙ্খলা বিঘ্নের কোন সংবাদ পেলে তাৎক্ষণিকআইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১০৬৯৯-এ জানানো যাবে।

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করবে। উপজেলাগুলো স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।

যশোর

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যশোর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম ঈদের জামাত সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে হবে। সেখানে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

মাগুরা

মাগুরা শহরে কেন্দ্রীয় ঈদগাহ নোমানী ময়দানে ঈদের প্রধান জামায়াত হবে। সকাল ৮টায় এ জামায়াতে অংশ নেবে জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নড়াইল

নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত হবে। প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. ওয়াকিউজ্জামান। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাতক্ষীরা

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে। জামাত শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে। ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণের সম্ভাবনা রয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

বাগেরহাট

ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে প্রধান ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের ব্যাপক উপস্থিতি সামাল দিতে এবারও তিনটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব।

দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের বাইরের প্রাঙ্গণে আরও পাঁচ শতাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

কুষ্টিয়া

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কুষ্টিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে। সকাল ৭টায় এ জামাতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

ঈদ জামাতকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কুষ্টিয়ার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

মুসল্লিদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

ঝিনাইদহ

ঝিনাইদহে প্রধান ঈদের জামায়াত হবে শহরের কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ। সকাল ৭টায় এই জামায়াত হবে। জেলা প্রশাসক নোমান হাসান এই ঈদগাহে নামাজ আদায় করবেন। ইমামতি করবেন শায়েখ সাইদুর রহমান।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামায়াত দুটি হবে। প্রথম জামায়াত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদের নামাজ আদায়ে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে পৌরসভা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদ জামায়াতে অংশ নেবেন। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বিকল্প নামাজের ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

মেহেরপুর

ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুরে বিভিন্ন ঈদ জামায়াতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জেলার প্রধান ঈদ জামায়াত হবে মেহেরপুর পৌর ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে।

এ ছাড়া পুরাতন ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টা ১৫ মিনিটে জামায়াত হবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৭টায়, থানা মসজিদ ও উপজেলা মডেল মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামায়াত হবে।

নারীদের জামায়াত পৌর ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে এবং আহলে হাদিসের জামায়াত শোমজুজ্জোহা পার্কে সকাল ৬টা ৩০ মিনিটে হবে।

প্রধান জামায়াতে অংশ নেবেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ছাড়া মেহেরপুরের ২০০ বছরের ঐতিহ্যবাহী মেহেরপুর পুরাতন ঈদগাহ ময়দানে জামাতে নামাজ আদায় করবেন জেলার পৌর শহরের অধিকাংশ মুসল্লি। গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন নিজ এলাকা ষোলটাকা গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।