গ্রাহকরা বলছেন লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুৎ বিভাগ বলছে নেই

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
গ্রাহকরা বলছেন লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুৎ বিভাগ বলছে নেই
ছবি : সংগৃহীত

তীব্র খরতাপে পুড়ছে বরিশাল। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অঞ্চলটিতে অনুভূত হচ্ছে প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তীব্র তাপমাত্রা। এই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গ্রামাঞ্চলের দফায় দফায় বিদ্যুৎবিভ্রাট। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ—পৌর এলাকায় কিছুটা কম হলেও, উপজেলা ও ইউনিয়নগুলোতে ১ ঘণ্টা বিদ্যুৎ থাকলে আধা ঘণ্টা থাকছে না। তবে মাঠপর্যায়ের এই ভোগান্তির চিত্র মানতে নারাজ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তাদের দাবি—আজ কোনো লোডশেডিংই নেই, চাহিদা অনুযায়ী মিলছে শতভাগ বিদ্যুৎ।

Advertisement

মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা আসাদ বলেন, বিদ্যুতের সমস্যা তো লেগেই আছে। এভাবেই দিন কাটছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখন আর পাওয়া যাচ্ছে না। কখনো কখনো রাত ২টা থেকে ৩টার সময়ও লোডশেডিং হয়, যা খুবই কষ্টদায়ক।

হিজলা উপজেলার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে আধা ঘণ্টা থাকে না। সমস্যা হলে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় অভিযোগ জানাতেও ভোগান্তিতে পড়তে হয়।

মুলাদী উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন জানান, বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ থেকে ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে। তবে কয়েক দিন আগে পরিস্থিতি আরও খারাপ ছিল। এক দিনে আটবার পর্যন্ত বিদ্যুৎ যাওয়ার ঘটনাও ঘটেছে।

বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, বিদ্যুৎ নিয়ে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যা থেকে বাঁচতে অনেকে সোলার প্যানেলও কিনেছেন। দিনের মধ্যে বেশ কয়েকবার লোডশেডিং হয়।

বানারীপাড়া উপজেলার বাসিন্দা রাহাত সুমন বলেন, বানারীপাড়া পৌর এলাকায় বারবার লোডশেডিং হচ্ছে। গ্রামের অবস্থা আরও খারাপ। তীব্র গরমের মধ্যে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার এ বি এম মিজানুর রহমান বলেন, ঈদের আগে ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সাময়িক সমস্যা হয়েছিল। গত দুদিন কিছুটা লোডশেডিং ছিল। তবে বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং লোডশেডিং নেই।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হওয়ায় সকাল ৯টার পর থেকে কোনো লোডশেডিং নেই। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বর্তমানে আমরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। আমাদের আওতাধীন এলাকায় কোনো ধরনের সমস্যার কথা জানা নেই।

বিষয় :বরিশাল