logo

‘এখন কেউ বলবে না—মা তুমি খাইছো, ঠিকমতো পড়ো’

‘এখন কেউ বলবে না—মা তুমি খাইছো, ঠিকমতো পড়ো’

সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তার মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন স্ত্রী মরিয়ম আক্তার।

নিহতের নাম মো. সোবহান খান (৪০)। তিনি মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে ভ্যানচালক সোবহান খান প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে যান। সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় তিনি পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দেন তিনি। কয়েক দিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন সোবহান। পরে তাকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আলজাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মরিয়ম আক্তার বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ছয় সন্তান নিয়ে কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।’

তিনি জানান, আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার সামর্থ্য তাদের নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করছেন তারা।

নিহতের মেয়ে নুর নাহার বলেন, ‘এখন কেউ আমাকে বলবে না—মা তুমি খাইছো, ঠিকমতো পড়ো। আমরা ছোট ছোট। আমাদের দেখার মতো আল্লাহ ছাড়া আর কেউ নেই। একবারের জন্য বাবার লাশটা দেশে দেখতে চাই।’

এদিকে মরদেহ দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন পরিবারের সদস্যরা। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। স্বজনদের একটাই দাবি—দ্রুত যেন সোবহান খানের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।