কুমিল্লায় চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ

কুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৫ বছর বয়সি এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম। গ্রেপ্তার সাকিব আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কিশোরীটি কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসে। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় যাওয়ার পর আগে থেকেই সেখানে উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান শুরু করে।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে সিয়ামের নাম পাওয়া গেছে। সে রায়চোঁ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


