logo

ইঁদুর মারার ওষুধ, ডিটারজেন্টের প্যাকেটে ১৪ লাখ টাকার মাদক

ইঁদুর মারার ওষুধ, ডিটারজেন্টের প্যাকেটে ১৪ লাখ টাকার মাদক

জামালপুর সদর উপজেলায় এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ইঁদুর মারার ওষুধের প্যাকেট ও ডিটারজেন্টের ভেতরে ইয়াবা ও হেরোইন লুকিয়ে বিক্রি করছিলেন তিনি। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ টাকার মাদক জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর শহরের পূর্ব কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া লকসি বেগম জামালপুর সদর উপজেলার পূর্ব কাচারীপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতরে পৃথক পলিথিনে মোড়ানো ২০টি পোটলায় ১০৪ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা।

ইঁদুর মারার ওষুধের প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ৬টি জিপার ব্যাগে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

জামালপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান বলেন, মাদক বিক্রির সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।