Advertisement

এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খান

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ খান। ছবি : এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে ভণ্ডবস্তের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে তারা ভণ্ডবস্তের রাজনীতি করছে। তাদের কার্যক্রমের পেছনে কাজ করছে জামায়াতের মস্তিষ্ক। এ ধরনের রাজনীতি দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সিলেটের সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, জনপ্রিয় একজন সংসদ সদস্যকে নিয়ে এনসিপির কয়েকজন নেতার আপত্তিকর ও অশালীন মন্তব্যের জের ধরেই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে কোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেই কোনো রাজনৈতিক দলের সব ধরনের কর্মকাণ্ড বা অপরাধ ক্ষমাযোগ্য হয়ে যায় না। রাজনীতি করতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, আমরা চাই তারা সুস্থ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুক। অন্যথায় জনগণ রাজনৈতিকভাবেই তাদের উপযুক্ত জবাব দেবে।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিষয় :ঝিনাইদহ