গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মহানগীর আমবাগ ঈদগাহ মাঠের উত্তর পূর্ব পাশে ওই ঝুটের গোডাউন আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৮টার দিকে ওই ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই গোডাউনে ঝুট পরিপূর্ণ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো গোডাউনের ঝুট পুড়ে গেছে।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এখন ডাম্পিং কাজ চলমান রয়েছে।
