৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় দাস

মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে শর্তসাপেক্ষে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের পর সব আইনি প্রক্রিয়া মেনে পাঁচ ঘণ্টার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে।
প্যারোলে মুক্তি পাওয়ায় সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুণ্ডরীক ধাম এলাকায় অতিরিক্ত রিজার্ভ ফোর্সসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বন্দিকে আনা-নেওয়া করার রুটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এর আগে অসুস্থ মা ন্ধ্যা রাণী ধরকে (৭১) দেখতে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলেও জীবিত থাকা অবস্থায় স্বজনকে দেখার জন্য প্যারোলের স্পষ্ট আইনি সুযোগ না থাকায় তা নাকচ করেছিল প্রশাসন।
পরিবার সূত্রে জানা যায়, ক্যানসার, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সন্ধ্যা রাণী ধর। তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার রাতে তাকে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে অবস্থিত শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনজীবী হত্যা মামলাটির বিচার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলায় তিনি এতদিন কারাগারে বন্দি ছিলেন।

