logo
Advertisement

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ থাকা আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

এর আগে, শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।

শুক্রবার রাত ৮টার সময় পূর্ব ভবানীপুর এলাকার ৯জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় এক কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার সময় ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীর উঠলেও চার জন নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

একই গ্রামের চার জনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারনে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। আজ সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।