logo

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব, ঘুষিতে যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব, ঘুষিতে যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক যাত্রীর ঘুষিতে মো. হানিফ মিয়া নামে আরেক যাত্রী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার বগডহর গ্রামের মনোবাবু নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

হানিফ মিয়া (৪৫) বগডহর গ্রামের বাসিন্দা মৃত হারিজ মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই নবীনগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মেহেদি হাসান বলেন, বগডহর গ্রামের মনোবাবু নৌকা ঘাট দিয়ে হানিফ মিয়া ও তার স্ত্রী সারবানু বেগম আড়িয়ালের দিকে যাওয়ার জন্য নৌকায় ওঠেন। এ সময় অভিযুক্ত এলেম খা নৌকায় নারীদের বসার স্থানে বসে ছিলেন। হানিফ মিয়া তাকে নারীদের বসার স্থান থেকে সরে বসতে বলায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় হানিফ মিয়ার বুকে ঘুষি দেন এলেম খা। স্থানীয়রা হানিফ মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত এলেম খা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট তথ্য এসে পৌঁছায়নি। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।