logo

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী প্রকৌশলীর

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী প্রকৌশলীর
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় একটি হাসপাতালে কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, হাসপাতালের কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩ এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় একটি জেনারেটরের কাছে গেলে তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে মাথার চুলও জেনারেটরে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।