ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দলের আট সদস্য গ্রেপ্তার

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোর রাত ৩টায় ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় পুরাতন জেলখানা সংলগ্ন তিন রাস্তার মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের মাস্টারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ডাকাত দলের সক্রিয় ৮ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইব্রাহীম (২৫), মো. মনির হোসেন (৩০), শহিদুল আলম প্রকাশ খান সাব (৩৭), নাজিম পাটোয়ারী (৩৫), মো. ইলিয়াস (৩৩), মো. রিয়াদ (২০), মো. আরিফুল ইসলাম বাপ্পু (২৪) এবং মো. সহিদুল ইসলাম শুভ (২৮)।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তাদের আটক করতে সক্ষম হই। পরে আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এই নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
