সাভারে মিছিলের প্রস্তুতির সময় যুবলীগ-কৃষক লীগের ৭ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও কৃষক লীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি ব্যানার ও পাঁচটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর এলাকার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—যুবলীগ কর্মী রাজু (৩৯), কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন (৫০), যুবলীগ কর্মী রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) এবং সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনন্দপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তিনটি মাইক্রোবাসে করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে সাভার মডেল থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাসসহ সাতজনকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুটি মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা সেখান থেকে চলে যান। পরে ঘটনাস্থল থেকে ‘বিক্ষোভ মিছিল’ লেখা একটি ব্যানার ও পাঁচটি বাঁশের লাঠি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির পেছনে থাকা অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং পলাতক ব্যক্তিদের বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
