পঞ্চগড়ে শিয়ালের কামড়ে আহত ৭

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫)।
আহত ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ করে শিয়ালগুলো বিচ্ছিন্নভাবে তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত সৃষ্টি হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।


