মাংস কম দেওয়ায় বিয়েবাড়িতে মারামারি, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে অতিথিদের মাংস কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা খাবার খেতে বসেন। এ সময় খাবার পরিবেশনের একপর্যায়ে মাংস কম দেওয়া হয়েছে—এমন অভিযোগ তোলেন বরপক্ষের এক অতিথি। এ নিয়ে কনেপক্ষের লোকজনের সঙ্গে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে উত্তেজনা বাড়লে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন—কনেপক্ষের বেলাল হোসেন (৪০) ও মো. শাহিনুর (৪০) এবং বরপক্ষের মো. ইয়াসিন (২২)।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজন বাড়ি ফিরলেও বেলাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, বিয়েবাড়িতে মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এ বিষয়ে কনের বাবা বলেন, খাবার পরিবেশন নিয়ে সামান্য কথা-কাটাকাটি থেকে পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারি হয়। আমি দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছি। খাবার পরিবেশনের আগেই অবশ্য বর ও কনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। বর্তমানে মেয়ে আমার বাড়িতেই আছে। আনন্দের দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা ভীষণ বিব্রত।
এদিকে ঘটনার পর দুই পক্ষের মধ্যে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মারামারির খবর তারা পেয়েছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জানায়নি। দুই পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলেও তিনি শুনেছেন।



