অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে তারেক রহমান নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।
এর আগে একই দিনে নওগাঁর জনসভা শেষ করে বগুড়া শহরে মাঝরাতে পৌঁছান তারেক রহমান। আসার পথে নওগাঁ থেকে বগুড়ার রাস্তাসহ বিভিন্ন জায়গায় লাখো মানুষ তাকে অভ্যর্থনা জানায়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় জনসভার মাঠ ও আশপাশের এলাকা।
জনসভায় বগুড়ার মানুষের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে, শুধু নিজের এলাকার চিন্তা করলে হবে না। সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আমরা কেউ চাইব না অন্য কেউ আমাদের বিতর্কিত অবস্থায় ফেলুক।
‘আমরা বগুড়ার নাম খারাপ করতে চাই না। বগুড়া তার ন্যায্য অধিকার অবশ্যই পাবে। তবে খেয়াল রাখতে হবে, যেন বগুড়ার ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার আমরা হরণ না করি।’
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বগুড়ায় করা উন্নয়নমূলক কাজের বর্ণনা করতে গিয়ে বিএনপির দলীয় প্রধান বলেন, সরকারের আইন-কানুনের মধ্য থেকে বিধি অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে তা করেছি। বগুড়া ছিল আমার কাছে মডেল জেলার মতো। আমি চিন্তা করেছিলাম বাকি ৬৩ জেলা কীভাবে সাজাব। শুধু বগুড়াকে নিয়ে চিন্তা করলে হবে না। সারা বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। সারা দেশের উন্নয়ন করতে হবে। ...বিগত ১৫ বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে। ১৫ বছর শুধু বগুড়া নয় সারা দেশই বঞ্চিত ছিল।
২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ার মানুষ যেভাবে তাকে পেয়েছে, এবারের অবস্থা ভিন্ন বলে বর্ণনা করে তারেক রহমান বলেন, এবার বগুড়াবাসীকে দেশের নেতৃত্ব দিতে হবে। শুধু নিজেদের কথা ভাবলে হবে না।
বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিএনপির এই কাণ্ডারী বলেন, আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেওয়ার নেই আমার, আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে। ঘরের মানুষ, এই যে আমি এত রাতে মিটিং করছি, এই যে রাজনীতি করছি; আমার স্ত্রী যদি সহযোগিতা না করতেন, আমি কিন্তু পারতাম না, পারতাম? উনি (জুবাইদা রহমান) আছেন বলেই আমি পেরেছি।
তারেক রহমান প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, এই আসন ছিল আমার মায়ের। সেই আসনেই আমি নির্বাচন করছি। বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে সুষম উন্নয়ন হবে।
তারেক রহমানের উত্তরবঙ্গের এ সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। প্রচার গাড়ি থেকে জনসভার মঞ্চ- দুজনকে সবসময়ই কাছাকাছি দেখা গেছে।
বক্তব্যের শেষে বগুড়ার বাকি ছয়টি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে ধানের শীষের প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান বগুড়া সদর আসনে তার জন্য বগুড়াবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গণদোয়া করা হয়। আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।