শহীদ মিনারে ঝুলছিল কিশোরের লাশ

মানিকগঞ্জে একটি শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের এক মাছ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কাজ করত। সিহাব তার পরিবারের সঙ্গে না থেকে একটি বাড়িতে নানার সঙ্গে থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর পর সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, কিংবা ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
.png)

