খুলনায় দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনা মহানগরীতে একই রাতে এক যুবককে গুলি এবং আরেক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। আহত দুজনকেই উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার আইডিয়াল স্কুলসংলগ্ন এলাকায় মানিক নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, একই রাতে নগরীর হরিজন এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।





