‘কুমিল্লায় জামায়াত কার্যালয়ে হট্টগোল-গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে’

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে একটি সভা চলাকালে হঠাৎ কয়েকজন যুবক প্রবেশ করে হট্টগোল করে। পরে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে রাত ৭টার দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলটির কার্যালয়ে এ হট্টগোলের ঘটনা ঘটে।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা তাদের দৃষ্টিগোচর হয়েছে।
তিনি বলেন, বুধবার রাত ৭টার দিকে মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এসময় কয়েকজন যুবক সভায় প্রবেশ করে হট্টগোল শুরু করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তারা দলটির একটি গাড়ি ভাঙচুর করেন।
কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছেন। এর পেছনে কারা জড়িত এবং কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে পুনরায় অবহিত করা হবে।
