ছাত্রদল কর্মীর বাড়ি থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামোনিশন ও ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার উথুরা এবং হাটুরিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। এ ছাড়া অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ জানায়, উথুরী গ্রামের একটি বাড়িতে অস্ত্র মজুত করে রাখা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশ উথুরী গ্রামের কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তলসদৃশ লাইটারসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মো. সাব্বির ও তার ভাই কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চলছে।