logo

এনসিপির পদ পেয়ে বরখাস্তের পর প্রাণিসম্পদ কর্মকর্তার সংবাদ সম্মেলন

এনসিপির পদ পেয়ে বরখাস্তের পর প্রাণিসম্পদ কর্মকর্তার সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে কথা বলেন সাময়িক বরখাস্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলু। ছবি: এশিয়া পোস্ট

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদ পাওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলু। বরখাস্তের আদেশের পর সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। এ ঘটনায় সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুসরণের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সফিউল্লাহ জগলু। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সফিউল্লাহ জগলু এনসিপির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সফিউল্লাহ জগলু ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। সংযুক্তিতে তিনি চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।

বরখাস্তের পর সংবাদ সম্মেলন করায় সরকারি কর্মচারীদের গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিধান নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২২ বিধিতে গণমাধ্যমে বক্তব্য ও মতামত প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে সংবাদ সম্মেলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক এশিয়া পোস্টকে বলেন, ওই কর্মকর্তা সংবাদ সম্মেলন করেছেন, বিষয়টি আমার জানা নেই। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা বিভাগীয় চাকরির অংশ। তবে তিনি সাংবাদিক সম্মেলন করতে পারেন না।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে ছয় মাসের জন্য চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যের ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।