হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ জয় সরকার নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া গ্রামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয় সরকার কালিশাকান্দা নয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে। শনিবার গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের পাশের হাওরে নৌকায় করে মাছ ধরতে গিয়েছিল জয় সরকার। অসাবধানতাবশত নৌকা থেকে হাওরের পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। রোববার বিকেলে ঘটনাস্থলের কাছেই জয়ের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।





