চট্টগ্রামে দিনদুপুরে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ‘এক্সাবাইট লিমিটেড’ এবং গ্রাহক পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ‘ডিডিএন’ (ডিজিটাল ডট নেট) অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজার থানা এলাকায় সংঘটিত এই হামলায় অফিস ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর থেকে ওই এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ১৫-২০ জন অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে অফিসের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির এশিয়া পোস্টকে বলেন, হঠাৎ ১৫-২০ জন অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা তারা লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় এই পরিকল্পিত হামলা হয়ে থাকতে পারে।
রিদোয়ানুল কবির বলেন, কয়েক দিন আগে ডেবিড ইমন নামে একজন ফোন করে আমাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা তার এই হুমকি পাত্তা দিইনি। আমাদের ধারণা, চাঁদা না পেয়েই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আমরা কাজ করছি।





