চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপালেন ছাত্রলীগ নেতা

ঝালকাঠির রাজাপুরে ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় যুবদল কর্মী সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আমান তালুকদারের বিরুদ্ধে।
সোমবার (৩১ আগস্ট) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস রাতে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত সাইফুল ইসলাম উপজেলার পুটিয়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের কর্মী বলে জানা গেছে।
অভিযুক্ত আমান তালুকদার একই এলাকার আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে। তিনি গালুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে গাজীরহাটে মোশাররফের দোকানে চা খাচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় আমান তালুকদার সেখানে এসে সাইফুলের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সাইফুল কিসের টাকা জানতে চাইলে আমান বলেন, ‘ঢাকা থেকে আসছ, টাকা দিবা না?’ পরবর্তীতে সাইফুল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমান তালুকদার ধারালো অস্ত্র বের করে সাইফুলের মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন বলে অভিযোগ ওঠে।
হামলার পর সাইফুলের পকেটে থাকা নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আমান তালুকদার ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে। পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমান তালুকদার তা অস্বীকার করে বলেন, আমি সাইফুলের কাছে ৫০০ টাকা পেতাম। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। সাইফুলের কাছে থাকা চাকুতেই সে নিজে আহত হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার পর আহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



