ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে রুবেল আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের সঙ্গে থাকা সঙ্গীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গোপনে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার সঙ্গে মা ও স্ত্রী রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকায় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হওয়ার তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।


