logo

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এ ছাড়া এক নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, কুষ্টিয়ার সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত প্রতিটি পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।