ডোপ টেস্টে পজিটিভ, যুবদল নেতা বাবুর এক মাসের কারাদণ্ড

ডোপ টেস্টে ইয়াবা ও গাঁজা সেবনের প্রমাণ পাওয়ায় পাবনার সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোছা. তাবাসসুম আক্তার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যায় মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে সুজানগর থানা পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং তার মুক্তির দাবিতে রাত পর্যন্ত থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। উত্তেজিত পরিস্থিতির মুখে পুলিশ ওই যুবদল নেতার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নিলে তার পরিবারের সদস্যরা তীব্র আপত্তি জানান। পরে গভীর রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
পরদিন পাবনা পুলিশ হাসপাতালে বাবুর ডোপ টেস্ট করা হলে তার শরীরে ইয়াবা ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়। পরীক্ষার এই চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাদণ্ডের ওই আদেশ দেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আটকের পর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় আদালত আইন অনুযায়ী তাকে দণ্ড দিয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।





