আর্জেন্টিনার খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
আর্জেন্টিনার খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রুবেল মোল্লা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন দিয়ে মোবাইলে ফুটবল খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেটের বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সকালে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন রুবেল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি বর্ধনগাছা এলাকা অতিক্রম করছিল। কানে হেডফোন এবং খেলায় মগ্ন থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। এতে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের দাদা সানেয়ার হোসেন বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল হেডফোন কানে দিয়ে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিল। অসাবধানতার কারণে চোখের পলকে ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।