logo

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে চিশতিয়া বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় একটি বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আটিগাঁও এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানকালে আটিগাঁও এলাকার চিশতিয়া বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ মেলে। এ ছাড়া উৎপাদিত খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ ছিল না।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার লোকমান হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসেন এবং লৌহজং থানা-পুলিশের একটি টিম।