চাঁদাবাজি বন্ধে হটলাইন ও ওয়েবসাইট চালু পরিবেশমন্ত্রীর

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জানাতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত রাখতে তার এই পদক্ষেপ বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন ঘোষণা দেন আব্দুল আউয়াল মিন্টু।
পোস্টে আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেছেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর ০১৭৩০-০০৪৮৪৪ এবং ওয়েব সাইট ঠিকানা www.aamintoo.com প্রকাশ করেন আব্দুল আউয়াল মিন্টু। একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান হয়।
এদিকে তার এ ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, এই বিষয়টি আমাদের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনি অঙ্গীকার ছিল। তারই আলোকে তিনি এই বিষয়টির বাস্তবায়ন ঘটিয়েছেন। আমরা ওনার নির্বাচনি এলাকার মানুষ আশা করছি এর মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত আসন হিসেবে ফেনী-৩ গঠিত হবে।
তিনি আরও বলেন, দাগনভূঞা উপজেলা ও সোনাগাজী উপজেলার মানুষদের অনুরোধ করব এখন থেকে যে কোনো অভিযোগ উক্ত হটলাইন নাম্বার এবং ওয়েবসাইটে আপনারা জানাবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।


