বৃষ্টিতে মাঠে কাটা ধান নষ্ট, দিশেহারা কৃষকেরা

সম্প্রতি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় মাঠে পড়ে থাকা কাটা পাকা আমন ধান ভিজে নষ্ট হচ্ছে। সদরের ঠাকুরছড়া, বেতছড়ি, কমলছড়ি ও পেরাছড়াসহ বিভিন্ন এলাকায় কৃষকদের কাটা ধান বৃষ্টিতে ভিজে পচন ও অঙ্কুরোদ্গমের আশঙ্কা দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগের মাঠপর্যায়ের রেকর্ডে ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি বলে জানা গেছে।
কৃষকদের অভিযোগ, সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার আগমুহূর্তে সম্প্রতি টানা তিন দিনের বৃষ্টিতে কাটা পাকা ধান মাঠ থেকে সংগ্রহ করতে পারেননি তারা। বৃষ্টিতে ভিজে ধানের গুণগত মান নষ্ট হচ্ছে, কোথাও কোথাও ধানে অঙ্কুর বের হওয়ার উপক্রম হয়েছে। এতে উৎপাদন খরচ ও সংসারের আয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
সদরের ঠাকুরছড়া নোয়াবাজার এলাকার কৃষক সুপ্রিয় ত্রিপুরা বলেন, জমি বর্গা নিয়ে আমি এবার ৩ একর জমিতে আমন ধানের চাষ করেছিলাম। ধানও ভালো হয়েছিল। তবে সম্প্রতি টানা তিন দিনের বৃষ্টিপাতে আমার কাটা ধান ঘরে তুলতে পারিনি। অনেক কষ্ট করে ধান কেটে মাঠে রেখেছিলাম। ভিজে ধান নষ্ট হয়ে যাওয়ায় সারা বছরের পরিশ্রম ও খরচ পণ্ড হওয়ার আশঙ্কা করছি। আমার এই ক্ষতি দেখতে কৃষি বিভাগের কেউ আসেননি। অতীতেও আমি কৃষি বিভাগ থেকে সাহায্য-সহযোগিতা পাইনি।’
মধ্যবেতছড়ি এলাকার আরেক কৃষক ক্যহ্লা মারমা বলেন, ‘ধান কাটার সময় এমন বৃষ্টি হবে, ভাবিনি। তিন দিন ধরে মাঠে কাটা ধান পড়ে থাকায় ভিজে নষ্ট হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কৃষি বিভাগ কোনো খোঁজখবর নেয়নি।’
পেরাছড়া এলাকার আরেক কৃষক অনিল কুমার চাকমা বলেন, ‘কষ্ট করে ফলানো ধান ঘরে তোলার আগমুহূর্তে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা দিশেহারা। ধান শুকানোর জায়গা ও ঘরে তোলার সুযোগ না থাকায় অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সাহায্য-সহযোগিতা দেওয়ার জন্য কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।’
সদরের নয়ানপুর এলাকার সমাজ প্রতিনিধি ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম বলেন, ‘কৃষকদের ফসল নষ্ট হওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। দ্রুত মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ, কৃষকদের তালিকা তৈরি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা উচিত। তা না হলে কৃষকেরা আগামীতে কৃষিকাজের প্রতি আগ্রহ হারাবেন।’
কৃষি বিভাগের তথ্যমতে, খাগড়াছড়িতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। জেলায় ২৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ২৯ হাজার ৭৪৯ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৫ হাজার ৭২০ মেট্রিক টন। আশা করা যাচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টিপাতে আমাদের পাহাড়ে কৃষকদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এখনও এ রকম কোনো তথ্য পাইনি।
তিনি আরও বলেন, এবার আমন মৌসুমে ধান ভালো হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে কিছু এলাকায় সমস্যা হলেও এ বৃষ্টিতে শীতকালীন সবজি চাষের জন্য উপকার হবে।


