বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় নৌপথে দৃষ্টিসীমা কমে যায়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ প্রায় পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় উভয় ঘাটে কয়েকটি ফেরি নিরাপত্তার জন্য নোঙর করে রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু সময়ের জন্য যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকে, ফলে দুই প্রান্তে যাত্রী ও যানবাহনের সাময়িক ভোগান্তি তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে এ নৌরুটে মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং নৌপথে চলাচল স্বাভাবিক রয়েছে।