logo

দেয়াল ধসে যুবকের মৃত্যু

দেয়াল ধসে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের পুরাতন মাটির ঘর ভাঙতে গিয়ে দেয়াল ধসে মো. সেলিম মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথীমপাশা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম মিয়া (৩৫) পৃথীমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সেলিম মিয়া নিজের পুরাতন মাটির ঘরটি ভাঙার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ মাটির দেয়ালের অংশ তার গায়ের ওপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সেলিমের মা ও বোন পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তারা দেশে ফেরার পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।