বিলবোর্ড দেখানোর জন্য কাটা হলো সড়ক বিভাজকের গাছ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে (ডিভাইডার) লাগানো বকুলগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অভিযোগ, মহাসড়কের পাশে স্থাপিত একটি বাণিজ্যিক বিলবোর্ড স্পষ্ট বা দৃশ্যমান করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই গাছগুলো কেটে নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে উপজেলার শামুকসার এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় সওজ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্র ও সওজ জানায়, শামুকসার এলাকায় মহাসড়কের বিভাজকে বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়া আটকাত। ফলে মহাসড়কটি চালকদের জন্য তুলনামূলক নিরাপদ থাকত। কিন্তু বুধবার রাতে বিভাজকের বেশ কয়েকটি গাছ কেটে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, গাছগুলো কাটার পর পাশের একটি বিলবোর্ড এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে সওজ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পেয়েছেন। সরকারি সম্পদ বিনষ্ট করে গাছ কেটে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের বিভাজকে লাগানো গাছগুলো সড়ক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে রোপণ করা হয়েছিল। এভাবে সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধীদের চিহ্নিত করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামত সংগ্রহ করা হচ্ছে।






