logo

গ্রেপ্তারের পর পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

গ্রেপ্তারের পর পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
হামলা আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশ। অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হলে তিনি জামিনে আছেন বলে দাবি করেন। এসময় পুলিশ তার জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। পুলিশ বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় আব্দুল কুদ্দুসকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল। পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুই সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।