‘নেশাগ্রস্ত’ জামাই, মেয়েকে ছাড়িয়ে ৫ কেজি দুধ দিয়ে গোসল করলেন মা

মেয়ের সংসার ভাঙবে এমন দৃশ্য কোনো মা-ই দেখতে চান না। তবে বছরের পর বছর নির্যাতনের অভিযোগের পর সেই সংসার থেকে মেয়েকে ফিরিয়ে আনতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফরিদপুরের বোয়ালমারীর এক মা। মেয়েকে স্বামীর কাছ থেকে আনার পর নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে প্রকাশ্য বাজারে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করার দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
ওই নারী হলেন বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী জুলেখা বেগম (৪৬)। তার মেয়ে মনিরা খাতুনের (৩০) সঙ্গে একই এলাকার সুমন শেখের (৩২) প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়।
জুলেখা বেগমের দাবি, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তার অভিযোগ, সুমন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই মনিরাকে মারধর করতেন। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে মেয়ের কষ্ট দেখে একপর্যায়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন মেয়েকে ওই সংসার থেকে মুক্ত করে আনতে পারলে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করবেন।
মায়ের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের প্রক্রিয়ায় মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনেন তিনি। এরপর শুক্রবার সকালে বাইখীর চৌরাস্তা বাজারে এসে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে সেই প্রতিশ্রুতি পূরণ করেন।
জুলেখা বেগম বলেন, প্রায় ১৪ বছর আগে মেয়েকে সুমনের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই মেয়ের ওপর নির্যাতন চলছিল। নেশা করে তাকে মারধর করা হতো। মেয়েকে সেই সংসার থেকে ছাড়িয়ে আনতে পেরে আমি স্বস্তি পেয়েছি। তাই আগে দেওয়া কথা অনুযায়ী আজ দুধ দিয়ে গোসল করেছি।
তবে জুলেখা বেগমের করা নেশাগ্রস্ততা ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।
স্থানীয় বাসিন্দা লুৎফুর শেখ জানান, মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনার পর মায়ের এভাবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে মায়ের প্রতিশ্রুতি পূরণের প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ দীর্ঘদিনের পারিবারিক বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
