logo

পরশুরামে আগুনে পুড়ল ১৯ দোকান, ক্ষতি ২ কোটি টাকা

পরশুরামে আগুনে পুড়ল ১৯ দোকান, ক্ষতি ২ কোটি টাকা
বক্সমাহমুদ বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের ধারণা, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন (রবিন), মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের (মিনার), মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন।

বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার এশিয়া পোস্টকে বলেন, বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত সাড়ে তিনটার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। এরও আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ, মুদি, আসবাব ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, শুক্রবার রাতের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া এশিয়া পোস্টকে বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।