logo

বন্ধ জুট মিলের ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

বন্ধ জুট মিলের ছাদ থেকে লাফিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু
খুলনার খানজাহান আলী থানা। ছবি: এশিয়া পোস্ট

খুলনার খানজাহান আলী থানা এলাকার বন্ধ এজাক্স জুট মিলের ছাদ থেকে পড়ে সম্রাট ঢালী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিহত সম্রাট ঢালী নগরীর মীরেরডাঙ্গা এলাকার কানাই ঢালীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে এজাক্স জুট মিলের ছাদে তিন যুবককে দেখতে পান মিলের নিরাপত্তাকর্মী। তাদের ডাক দিলে তিনজনই ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, গুরুতর আহত অবস্থায় সম্রাটকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরির দুটি মামলা রয়েছে।