হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার কেন্দ্র করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা (৪২)। তিনি চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রুমা ওই বাসায় একাই বসবাস করতেন। এক মাস আগেও এই বাসায় চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর গড়িয়ে গেলেও রুমার ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এরপর পাশের বাসার এক নারী ভেতরে গেলে দেখতে পান-ঘরের দরজা খোলা, আর রুমা মেঝেতে হাত বাঁধা, পা বাঁধা এবং মুখ বাঁধা অবস্থায় নিথর পড়ে আছেন। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এটি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত ডাকাতি সেটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।