গাজীপুরে আহত শ্রমিকের মৃত্যু: প্রতিবাদে সড়কে বিক্ষোভ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত তৌফিক শেখের (২১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর প্রতিবাদে লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেছেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মিছিলে অংশ নেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ সময় বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) ১০টার পর গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বাংলাবাজার সড়কের বাংলা বাজার এলাকার অ্যাপিলিয়ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে তৌফিকের মৃত্যু হয়। সে স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিক ছিল।
লায়লা স্টাইলস লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, গতকাল আমাদের এক ভাই মারা গেছে। প্রতিবাদে শ্রমিকরা মিছিল বের করে। এসময় বহিরাগতরা মিছিলে বাঁধা দেয়। আমাদের বেশ কয়েকজন শ্রমিককে আটকে রেখে নির্যাতন করে বহিরাগতরা। তাদের অনেকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরেক শ্রমিক মনিরা বলেন, এখানে মালিক শ্রমিকদের মধ্যে সমস্যা। বহিরাগতরা কি। আমাদের ভাইবোনকে পশুর মতো মারধর করছে। পুলিশ এসে টিয়ারশের ছুড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ নিয়াজ শিশির বলেন, শ্রমিকদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মারধর কোন শ্রমিক আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই।
গতকাল গাজীপুরের বাংলাবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণের চেষ্টা করলে তৌফিককে ধারালো অস্ত্র দিয়ে বহিরাগতরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।