ওমরাহ শেষে বাড়ি ফেরা হলো না, সড়কে ঝরল কিশোরের প্রাণ

ওমরাহ হজ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া খানদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাহ উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে। আহতরা হলেন, ওবায়েদের মা ইয়াসমিন আক্তার, বোন ফাহিমা আক্তার, ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত এবং চাচাতো ভাই ইয়াছির আরাফাত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের ৫ সদস্য সৌদি আরব থেকে ওমরাহ হজ শেষে দেশে ফিরে মাইক্রোবাসে করে কক্সবাজারে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।